National
২৩ মার্চ, ২০২৬

নতুন করে ১০ রোহিঙ্গার অনুপ্রবেশ, উখিয়ার ক্যাম্পে আশ্রয়

নতুন করে ১০ রোহিঙ্গার অনুপ্রবেশ, উখিয়ার ক্যাম্পে আশ্রয়

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে নতুন করে শিশুসহ এক পরিবারের ১০ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। সোমবার ভোরে নাফনদী পাড়ি দিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে প্রবেশ করে তারা উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছে। অনুপ্রবেশকারীদের মধ্যে সাতজনই শিশু।

 

বিষয়টি নিশ্চিত করে উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ সলিম জানান, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে আসা ১০ জন রোহিঙ্গা বর্তমানে তার ক্যাম্পে অবস্থান করছেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

 

অনুপ্রবেশকারীরা হলেন—ছমুদা (১৮), সাবেকুন্নাহার (১৫), মো. সলিম (১৩), জবিউল্লাহ (১২), মো. আনোস (১১), জিয়াবুর রহমান (১০), শায়েকা (৮), উম্মে হাবিবা (৭), মো. ইসমাইল (৬) ও রেহেনা (৫)।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৫ মাসে নতুন করে ১ লাখ ৪৪ হাজার ৪৫৬ জন রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সীমান্তের ওপারে আরও অনেক রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায় জড়ো হয়ে আছে বলেও খবর পাওয়া যাচ্ছে। এতে মানবিক সংকটের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা নিয়েও নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

 

উখিয়া ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ জুবাইর বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সেখানে রোহিঙ্গাদের বিরুদ্ধে নানা ধরনের পরিকল্পনা চলছে। ফলে নতুন করে বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে ক্যাম্পের ভেতরেও বসবাস ক্রমেই কঠিন হয়ে উঠছে বলে তিনি জানান।

 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, নতুন করে অনুপ্রবেশের বিষয়টি তিনি এখনো অবগত নন, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

সম্প্রতি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, সীমান্তে রোহিঙ্গাদের জড়ো হওয়ার খবর পাওয়া যাচ্ছে, যা উদ্বেগজনক। তিনি জানান, প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ এখনো সৃষ্টি হয়নি, তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে।

 

এদিকে, দীর্ঘ নয় বছর পার হলেও এখনো একজন রোহিঙ্গাকেও স্থায়ীভাবে মিয়ানমারে প্রত্যাবাসন করা সম্ভব হয়নি। বরং পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

 

প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের জেরে ২০১৭ সালের ২৫ আগস্টের পর বাংলাদেশে প্রায় সাত লাখ রোহিঙ্গা আশ্রয় নেয়। বর্তমানে পুরোনোসহ উখিয়া ও টেকনাফের ৩২টি শরণার্থী শিবিরে ১২ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। #রোহিঙ্গা #টেকনাফ #বাংলাদেশ #মিয়ানমার #মানবাধিকার