National
২১ এপ্রি, ২০২৬
অবৈধ বালু উত্তোলনের দায়ে দৌলতদিয়ায় ১০ জনের কারাদণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১০ জনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর হাসান খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক ১০ জনের কাছ থেকে একটি কাটার ও দুটি বাল্কহেড জব্দ করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৪ লঙ্ঘনের দায়ে তাদের এ দণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর হাসান খান জানান, জব্দকৃত সরঞ্জাম নৌ পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। #দৌলতদিয়া #বালু উত্তোলন #কারাদণ্ড #গোয়ালন্দ