অনলাইন জুয়ায় মাদ্রাসার টাকা হেরে শিক্ষকের আত্মহত্যা

চট্টগ্রামের লোহাগাড়ায় অনলাইন জুয়ায় মাদ্রাসার ৭০ হাজার টাকা হেরে এক শিক্ষক আত্মহত্যা করেছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের আলুঘাট এলাকার নিশান প্লাজার ৫০৩ নং রুম থেকে শিব্বির আহমেদ হাসান (৩৪) নামে ওই শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শিব্বির আহমেদ হাসান হবিগঞ্জ জেলার কদুপাড়া এলাকার ছালেহ আহম্মদের ছেলে এবং তামিমুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার শিক্ষক ছিলেন।
নিহতের স্ত্রী শিরিন আকতার জানান, শিব্বির অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং মাদ্রাসার ৭০ হাজার টাকা হেরে যান। টাকা আদায়ের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ চাপ দেওয়ায় তিনি গভীর রাতে জানালার গ্রিলের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
#অনলাইনজুয়া #আত্মহত্যা #শিক্ষক #চট্টগ্রাম #লোহাগাড়া