ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ও দাউদকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ও দাউদকে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই রায় ঘোষণা করেন। ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর র্যাব-২ আদাবরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ফয়সাল করিমকে আটক করে। এ সময় তার কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
পরদিন আদাবর থানায় হাবিলদার মশিউর রহমান ফয়সাল করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, ফয়সাল করিম চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছেন।
মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৮ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। বিচার চলাকালে ১৪ জনের মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
ফয়সাল করিম ২০২৪ সালের ১৭ নভেম্বর পর্যন্ত জামিনে ছিলেন। ওসমান হাদি হত্যার ঘটনার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। গত মাসে তিনি ভারতে গ্রেপ্তার হন।
#অস্ত্রআইন #কারাদণ্ড #ফয়সালকরিম #ওসমানহাদি