National
১১ এপ্রি, ২০২৬

অপ্রত্যাশিত হকার উচ্ছেদ: এক মানবিক বিপর্যয়ের গল্প

অপ্রত্যাশিত হকার উচ্ছেদ: এক মানবিক বিপর্যয়ের গল্প

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনে করছেন যে, অপরিকল্পিত হকার উচ্ছেদ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সাইফুল হক বলেন, ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন নগরে হকার উচ্ছেদ করা হয়েছে, কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা না করার কারণে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ইতিমধ্যে হাজার হাজার পরিবারে দূর্দশা নেমে এসেছে, অসংখ্য মানুষের পেটে লাথি পড়েছে এবং অসংখ্য মানুষের জীবিকার ছোট ছোট পুঁজি নষ্ট হয়ে গেছে।

সাইফুল হক বলেন, অবিলম্বে এই কয়েক লক্ষ মানুষের জীবিকার বিকল্প ব্যবস্থা গড়ে তোলা দরকার। না হলে এই উচ্ছেদ নানাবিধ সামাজিক সংকটও তৈরী করবে। মানুষদের জীবিকা আর মানবিক জীবনের কথা বিবেচনায় রেখেই যাবতীয় পরিকল্পনা প্রনয়নের জন্য তিনি সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, সাধারণ লক্ষ লক্ষ শ্রমজীবী সাধারণ মানুষকে নিয়েই নগর-মহানগর। এদের বড় অংশই এই মহানগরের বাসিন্দা। বস্তুত এই শ্রমজীবী মেহনতি মানুষদের রক্ত ঘাম আর পরিশ্রমেই আমাদের নগরসমূহ গড়ে উঠেছে।

বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান। সংগঠনের সহসভাপতি মাহমুদ হোসেন, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফিরোজ আলী প্রমুখ বক্তব্য রাখেন।