অষ্টগ্রামে বাড়ির পাশের গর্তে পড়ে শিশুর করুন মৃত্যু

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাড়ির আঙিনায় খেলা করার সময় পাশের একটি গর্তের পানিতে ডুবে জিম মিয়া নামের দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলার পূর্ব অষ্টগ্রামের ৪নং ওয়ার্ডে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। শিশুটির এই অকাল মৃত্যুতে তার পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত জিম মিয়া উপজেলার পূর্ব অষ্টগ্রামের ইরান সর্দারের বাড়ির বাসিন্দা মো. রাব্বি মিয়ার ছেলে ছিল।
স্থানীয় এবং পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে জিম তার বাড়ির উঠানে খেলাধুলা করছিল। খেলার এক পর্যায়ে, পরিবারের সদস্যদের অলক্ষ্যে সে বাড়ির পাশে থাকা পানি ভর্তি একটি গর্তে পড়ে যায়।
কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর অবশেষে বাড়ির পাশের গর্তের পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। এরপর তাকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ হাসান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
#অষ্টগ্রাম #দুর্ঘটনা #শিশু #মৃত্যু #কিশোরগঞ্জ