প্রবাসী স্ত্রী নাসিমা বেগমকে কুপিয়ে হত্যা, ছেলে গুরুতর আহত

ভোলা সদর: ভোলার শিবপুরে এক প্রবাসীর স্ত্রী নাসিমা বেগমকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় তার ছেলেকেও (৮) কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার মধ্যরাতে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দার বাড়িতে। শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে নাসিমা বেগম তার ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন। কিছু সময় পর দুর্বৃত্তরা ঘরে ঢুকে মোবাইলের আলোয় নাসিমাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ছেলে জেগে উঠলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে ছেলে মৃত্যুর ভান করে পড়ে থাকলে দুর্বৃত্তরা নাসিমার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। ভোর হলে ছেলেটি বাইরে এসে লোকজনকে জানালে পুলিশে খবর দেওয়া হয়।
আহত শিশুটি জানায়, মায়ের উপর হামলাকারীদের মধ্যে সে জিহাদ নামে একজনকে চিনতে পেরেছে, যে সাবেক ইউপি মেম্বার জামালউদ্দিনের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ঘটনার বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশ সুরতহাল করে ময়নাতদন্ত ও আইনি ব্যবস্থার জন্য পাঠানো হয়েছে।
#ভোলা #হত্যা #দুর্ঘটনা #নারীনিরাপত্তা