পশ্চিমা দেশগুলোর আহ্বান: ভিসা ও কনস্যুলার সেবার জন্য দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করুন

যুক্তরাজ্য, কানাডা ও জার্মানিসহ ১৩ পশ্চিমা দেশ বাংলাদেশি নাগরিকদের ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণের জন্য আহ্বান জানিয়েছে। গতকাল বুধবার ঢাকায় এক যৌথ বিবৃতিতে এই দেশগুলো এই আহ্বান জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা পেতে আবেদনকারীদের অবশ্যই সরকারি নিয়মকানুন মেনে চলতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া বা অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।
এ ধরনের অনিয়মের ফলে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা এবং গুরুতর আইনি জটিলতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
কোনো দেশের দূতাবাস বা মিশন কোনো এজেন্টের সঙ্গে যুক্ত নয় এবং ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনকারীদের যাচাইকৃত তথ্য ও সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে সব কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে, যা একটি নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য আবেদন প্রক্রিয়া নিশ্চিত করবে।
এই বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো: যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া।
#ভিসা #কনস্যুলারসেবা #পশ্চিমাদেশ #বাংলাদেশ