পুলিশের এএসআইয়ের রহস্যজনক মৃত্যু: পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে চাঞ্চল্য

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রূপন কান্তি দে (৪২) হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তিনি চকরিয়া থানার হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় হারবাং স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় আরেক এসআই মোফাজ্জল হোসেন মানসিকভাবে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি স্থানীয় যুবলীগ কর্মী জুনাইদ হারবাং স্টেশন এলাকায় অবস্থান করছেন এমন খবর পেয়ে পুলিশ তাকে ধরতে যায়। এসআই মোফাজ্জল হোসেন জুনাইদকে জাপটে ধরলে এএসআই রূপন কান্তি তার প্যান্টের বেল্ট ধরে দাঁড়িয়ে থাকেন।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এ সময় এসআই মোফাজ্জল জুনাইদকে বেধড়ক মারধর করছিলেন। হঠাৎ এএসআই রূপন কান্তি মাটিতে লুটিয়ে পড়েন। পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রূপনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। ঘটনার পর পরোয়ানাভুক্ত আসামি জুনাইদ পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।
#চকরিয়া #পুলিশ_মৃত্যু #হারবাং_পুলিশ_ফাঁড়ি #রূপন_কান্তি_দে