রাজবাড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

রাজবাড়ী সদর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জিলাল হোসেন (৪১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকাল ৮টার দিকে সদর উপজেলার বাগমারা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিলাল রাজবাড়ীর কালুখালী উপজেলার কুষ্টিয়া ডাঙ্গি গ্রামের দানেজ উদ্দিন খানের ছেলে ছিলেন।
পাংশা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, জিলাল হোসেন সকালে মোটরসাইকেল যোগে রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। এসময় পাংশা থেকে ফরিদপুরগামী একটি দ্রুতগামী ট্রাক বিপরীত দিক থেকে এসে তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জিলাল হোসেনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। পাংশা হাইওয়ে থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ যুগান্তরকে জানান, দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।