রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা নববর্ষের বর্ণাঢ্য আয়োজন

বাংলা নতুন বছরকে বরণ করতে প্রস্তুত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পহেলা বৈশাখ উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো ব্যস্ত সময় পার করছে। চারুকলা অনুষদে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি, বৈশাখী মেলার স্টল সাজানো এবং গান-নৃত্যের মহড়া চলছে। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে সবার মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রার সাজসজ্জা এবং নানা আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি চলছে। চারুকলা অনুষদে রঙ-বেরঙের আলপনা আঁকা, ব্যানার-ফেস্টুন তৈরি এবং বিভিন্ন প্রতীকী উপকরণ তৈরিতে শিক্ষার্থীদের কর্মচাঞ্চল্য দেখা গেছে। শিক্ষার্থীরা শোভাযাত্রার জন্য মুখোশ, প্রতিকৃতি ও নববর্ষ কেন্দ্রিক শিল্পকর্ম তৈরিতে ব্যস্ত।
বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পহেলা বৈশাখে পরিবেশনার জন্য সংগীত, নৃত্য ও আবৃত্তির প্রস্তুতি নিচ্ছে। তারা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে সর্বোচ্চ চেষ্টা করছেন, যাতে এবারের বর্ষবরণ ও শোভাযাত্রা আরও বর্ণাঢ্য ও স্মরণীয় হয়ে ওঠে।
ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী নাদিয়া নওশীন জানান, এবারের পহেলা বৈশাখের মূল থিম হলো বর্তমান সংকট ও দুর্যোগের সময়ে একটি সুন্দর পরিবেশের প্রত্যাশা। চিত্রকলার প্রভাষক মো. রায়হান আহম্মেদ বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শিক্ষকদের সহযোগিতায় প্রায় ৬০% কাজ সম্পন্ন হয়েছে। তাদের আয়োজনে জাতীয় মাছ ইলিশ, টমটম, ঘোড়ার গাড়ি এবং বাংলা নববর্ষের প্রবর্তক সম্রাট আকবরের মুখমণ্ডলসহ বিভিন্ন প্রতীকী উপকরণ উপস্থাপন করা হবে। ছোট ছোট মুখোশও তৈরি করা হয়েছে।
#পহেলা_বৈশাখ #রাজশাহী_বিশ্ববিদ্যালয় #বাংলা_নববর্ষ #মঙ্গল_শোভাযাত্রা #সাংস্কৃতিক_উৎসব