রাজশাহীতে ধানখেতে শিশুর মরদেহ উদ্ধার: প্যান্টের বেল্ট দিয়ে শ্বাসরোধ করে হত্যা!

রাজশাহীর পবা উপজেলার বিল ধরমপুর এলাকায় একটি ধানখেত থেকে ১১ বছর বয়সি আদিব আহনাফ নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে স্থানীয়রা ধানখেতে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
নিহত আদিব একই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে এবং বিল ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। তার গলায় প্যান্টের বেল্ট প্যাচানো অবস্থায় পাওয়া যায়, যা দেখে পুলিশ প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে আদিব তার দাদা শামসুল হুদার সঙ্গে মসজিদে তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু রাত পেরিয়ে গেলেও সে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার ভোরে কৃষকেরা ধানখেতে কাজ করতে গিয়ে শিশুটির মরদেহ দেখতে পান।
নিহতের মামা মোকছেদ আলী এটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে বলেন, "আমার ভাগ্নেকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কর্ণহার থানার ভারপ্রাপ্ত ওসি হাবিবুর রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি এবং ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।