National
৯ মার্চ, ২০২৬

রামগঞ্জে দেয়াল ধসে স্কুলছাত্র নিহত, মা হাসপাতালে চিকিৎসাধীন

রামগঞ্জে দেয়াল ধসে স্কুলছাত্র নিহত, মা হাসপাতালে চিকিৎসাধীন

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি নির্মাণাধীন দোকানের দেয়াল ধসে ফাহাদ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে রামগঞ্জ উপজেলা শহরের চৌরাস্তা এলাকায় আল মনসুত ড্রাগ হাউসের নির্মাণাধীন দোকানের দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহাদ তার মা নাছিমা বেগমের সঙ্গে ঈদের পোশাক কিনতে ও সেলাই মেশিন মেরামত করতে বাজারে এসেছিল। মায়ের সামনেই দেয়াল ধসে চাপা পড়ে তার মৃত্যু হয়। ছেলের মৃত্যু দেখে মা নাছিমা বেগম অচেতন হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই দুর্ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ইছাপুর ইউনিয়নের বাসিন্দা খোরশেদ আলমের কোমর ভেঙে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ফাহাদ তার মায়ের সঙ্গে আল মনসুর ড্রাগ হাউসের সামনে দাঁড়ানো ছিল। একপর্যায়ে নির্মাণাধীন ড্রাগ হাউসের ছাদের পুরনো দেয়াল তার ওপর ধসে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ থানার ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ফাহাদ ও তার মা পথচারী ছিলেন। দেয়াল ধসে ফাহাদ মারা গেছে এবং তার মা আহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে, তবে কেউ আটক নেই।

#রামগঞ্জদেয়ালধস #স্কুলছাত্রমৃত্যু #লক্ষ্মীপুরদুর্ঘটনা #নির্মাণাধীনদেয়াল #ফাহাদহোসেন