রাঙ্গামাটির কাপ্তাইয়ে তনচংগ্যাদের বর্ণাঢ্য বিষু উৎসব উদযাপন

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় তনচংগ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিষু উৎসব উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি, নদীতে ফুল ভাসানো এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটি ও দেবতাছড়ি রৈস্যাবিলি অঞ্চলের যৌথ উদ্যোগে রোববার (১২ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলা কর্ণফুলী স্টেডিয়াম থেকে এই র্যালি শুরু হয়ে উপজেলা সদরে শেষ হয়। উৎসবে তনচংগ্যা সম্প্রদায়ের নারী-পুরুষ ঢাকঢোল বাজিয়ে, নেচে-গেয়ে আনন্দ উৎসবে মাতিয়ে তোলেন।
উৎসবের শুরুতে তনচংগ্যা নারী-পুরুষ নতুন পোশাকে সেজে কর্ণফুলী নদীতে ফুল ভাসিয়ে দিনের শুভ সূচনা করেন। পরে কাপ্তাই উপজেলা অফিসার্স ক্লাব চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিষু উৎসবে সকল সম্প্রদায়ের অংশগ্রহণ এখানকার ঐতিহ্য ও সম্প্রীতির অংশ। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই ফুল ভাসানোর উৎসব একদিন বিশ্ব দরবারে পরিচিতি পাবে। তিনি আরও বলেন, আজকের বিষু উৎসবে সব সম্প্রদায়ের লোকজন অংশ নিয়েছেন। এটা আমাদের ঐতিহ্যের অংশ।
সভায় সভাপতিত্ব করেন ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন বিষু উদ্যাপন পরিষদের সদস্যসচিব রূপময় তনচংগ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক নির্মল চন্দ্র তনচংগ্যা এবং বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তনচংগ্যা।
#তনচংগ্যা #বিষুউৎসব #কাপ্তাই #রাঙ্গামাটি