রানিরশংকৈলে ইটভাটার বিষাক্ত গ্যাসে আমবাগান ও ফসলের ব্যাপক ক্ষতি, কৃষকের অভিযোগ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে অবস্থিত লিয়াকত হোসেনের মালিকানাধীন লিপা ইটভাটা থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে পরিবেশের মারাত্মক অবনতি এবং কৃষিজ ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রায় ৫ একর জমির আমবাগান এবং ১০ একর জমির খাদ্যশস্য ধ্বংস হওয়ার ফলে স্থানীয় কৃষকরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
সরেজমিনে জানা যায়, বাংলাগড় ইক্ষু সেন্টারের পাশে নিয়ম-নীতির তোয়াক্কা না করে স্থাপিত এই ইটভাটার বিরুদ্ধে গত ২১ মে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কৃষক সেকেন্দার আলী মাস্টার তার অভিযোগে উল্লেখ করেছেন যে, গত ১ মে ওই ইটভাটা থেকে নিঃসৃত বিষাক্ত গ্যাসের প্রভাবে তার নিজস্ব ১ একর ৬৯ শতক জমির আমবাগান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও, তার করলা, লাউ এবং ভুট্টা ক্ষেতও এই গ্যাসের কারণে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এই ঘটনায় তার আমবাগানে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।
সেকেন্ডার আলী আরও জানান যে, তিনি এই ক্ষতির প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কৃষি অফিসে অভিযোগ দায়ের করেছিলেন। কৃষি অফিস বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে একটি প্রতিবেদন দাখিল করলেও, অজ্ঞাত কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেই অভিযোগ আমলে নেননি। বর্তমানে অভিযোগটি পরিবেশ অধিদপ্তরে শুনানির অপেক্ষায় রয়েছে। এই ঘটনায় তিনি আর্থিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন এবং কীটনাশকের দোকানে ও ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারছেন না।
এই প্রসঙ্গে লিপা ইটভাটার মালিক লিয়াকত আলী স্বীকার করেছেন যে, এটি একটি অনাকাঙ্খিত ঘটনা এবং তার ভাটার বিষাক্ত গ্যাসে মোট ১৮ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে তিনি অভিযোগ করেন যে, সেকেন্দার আলী তার প্রকৃত ক্ষতির চেয়ে বেশি টাকা দাবি করায় বিষয়টি এখনো সমাধান করা সম্ভব হয়নি।
উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন যে, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তার দপ্তরে একটি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটি তাদের তদন্ত প্রতিবেদনে ঘটনার সত্যতা পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজিদা বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হাসানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, অভিযোগটি তিনি পেয়েছেন এবং গত পরশুদিন সরেজমিনে তদন্ত করা হয়েছে। আগামী বুধবার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
#ঠাকুরগাঁও #রাণীশংকৈল #ইটভাটা #পরিবেশদূষণ #ফসলেরক্ষতি #কৃষক #আরবান #গ্যাসদূষণ