National
১৫ জুন, ২০২৬

রাশিয়ায় গিয়ে ১৭ দিন ধরে নিখোঁজ মাদারগঞ্জের আরিফ, ড্রোন হামলায় নিহতের গুজব

রাশিয়ায় গিয়ে ১৭ দিন ধরে নিখোঁজ মাদারগঞ্জের আরিফ, ড্রোন হামলায় নিহতের গুজব

জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলা থেকে রাশিয়ায় গিয়ে আরিফ হোসেন (২৭) নামে এক যুবক ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও বার্তা ছড়িয়ে পড়ার পর তার ড্রোন হামলায় নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়ে। তবে, এই খবরের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরিফ হোসেন উপজেলার রায়েরছড়া গ্রামের তারা মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৭ মে তিনি রাশিয়ায় যান। স্থানীয় এক দালালের মাধ্যমে তাকে সেখানে পাঠানো হয়েছিল। তাকে ইলেকট্রিশিয়ানের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও, রাশিয়ায় পৌঁছানোর পর প্রতারণার শিকার হয়ে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় বলে তিনি পরিবারকে জানিয়েছিলেন। স্বজনদের অভিযোগ, দালাল চক্র আরিফকে অর্থের বিনিময়ে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে।

গত ২৯ মে আরিফের সঙ্গে পরিবারের শেষ কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও বার্তা ছড়িয়ে পড়লে তারা জানতে পারেন যে, আরিফ ড্রোন হামলায় নিহত হয়েছেন।

আরিফের বাবা তারা মিয়া জানান, ইলেকট্রিশিয়ানের কাজ দেওয়ার কথা বলে আরিফকে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়। স্থানীয় দালাল আমিনুর ইসলাম সুজার মাধ্যমে ১৬ লাখ টাকা ব্যয়ে তাকে পাঠানো হয়েছিল। তিনি আরও বলেন, এর আগে গত ৭ মে চাঁদপুরের এক দালালের মাধ্যমে মাফুল নামে আরেকজন রাশিয়ায় যান। সেখানে রাজমিস্ত্রীর কাজ দেওয়ার কথা থাকলেও রাশিয়ায় পৌঁছানোর পর তাকেও প্রতারণার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে বলে পরিবারকে জানিয়েছিলেন। স্বজনদের দাবি, দালাল চক্র টাকার বিনিময়ে তাকে রাশিয়ার সেনাবাহিনীর হাতে তুলে দেয়। তিনি বর্তমানে নিখোঁজ রয়েছেন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, বিষয়টি আমরা সামাজিক যোগাযোগমাধ্যম মারফত জানতে পেরেছি। দূতাবাস মারফত না গিয়ে স্থানীয় দালালদের মাধ্যমে বিদেশে যাওয়া মোটেও উচিত হয়নি। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে, ভুক্তভোগী পরিবার লিখিত আবেদন করলে প্রয়োজনীয় পরামর্শ এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

#জামালপুর #মাদারগঞ্জ #রাশিয়া #নিখোঁজ #ড্রোনহামলা