রায়পুরে নিখোঁজ শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার: পানিতে ডুবে মৃত্যু নাকি অন্য কিছু?

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিঁখোঁজ হওয়ার একদিন পর তিন বছর বয়সী এক শিশুর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার নয়ারহাট ইউনিয়নের একটি খাল থেকে এই লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশুটির নাম ফারাবি, যার বয়স আনুমানিক তিন বছর। সে জোড়পোল এলাকার লক্ষ্মীসী বাড়ির বাসিন্দা মো. ফিরোজের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে শিশু ফারাবি নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দীর্ঘক্ষণ ধরে তাকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। পরবর্তীতে শুক্রবার সকালে নয়ারহাট এলাকার একটি খালে তার ভাসমান মৃতদেহ দেখতে পান স্থানীয়রা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। তবে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
#রায়পুর #লক্ষ্মীপুর #শিশুহত্যা #দুর্ঘটনা