National
২৭ ফেব, ২০২৬

রংপুরে নিখোঁজ ইলেকট্রিশিয়ানের লাশ উদ্ধার, আলুক্ষেতে চাঞ্চল্য

রংপুরে নিখোঁজ ইলেকট্রিশিয়ানের লাশ উদ্ধার, আলুক্ষেতে চাঞ্চল্য

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজ মনজুরুল ইসলাম (৪৮) নামের এক ইলেকট্রিশিয়ানের লাশ ৩ দিন পর উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা পীরের মাজারের কাছে একটি আলুক্ষেতে বৃহস্পতিবার দুপুরে তার মৃতদেহ পাওয়া যায়।

স্থানীয়রা আলুক্ষেতে উঁচু মাটি দেখতে পেয়ে সন্দেহভাজন হয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে দুপুর সাড়ে ১২টার দিকে মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি মনজুরুল ইসলাম কাজের উদ্দেশে নিজ বাড়ি অনন্তপুর গ্রাম থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পাশে একটি তামাকক্ষেতে রক্ত ও জুতা দেখে পরিবার ইলেকট্রিশিয়ান মনজুরুল ইসলামের লাশটি শনাক্ত করে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানিয়েছেন, নিখোঁজ ইলেকট্রিশিয়ানের পরিবার লাশটি মনজুরুলের বলে নিশ্চিত করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।