National
২০ এপ্রি, ২০২৬

র‌্যাবের হাতে যৌতুক মামলায় গৃহবধূ হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

র‌্যাবের হাতে যৌতুক মামলায় গৃহবধূ হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ শিমু আক্তারকে (৩১) পিটিয়ে হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। রোববার দুপুরে উপজেলার ধলাগাছ মতির মোড় এলাকায় অভিযান চালিয়ে রায়হান রিতু (৩০), জসিম (৩২) ও জিতু (৩৪) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

জানা গেছে, ১৩ বছর আগে শিমুর বিয়ে হয় রায়হান রিতুর সঙ্গে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শিমুকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছিল। গত ৯ এপ্রিল শিমুকে মারধর করে গুরুতর আহত করা হয় এবং জোরপূর্বক বিষপান করানো হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব-১৩ গোয়েন্দা তৎপরতা জোরদার করে পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করে। র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। #যৌতুক #নারী নির্যাতন #হত্যা মামলা #র‌্যাব #সৈয়দপুর