সীতাকুণ্ডে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা?

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকোপার্ক সংলগ্ন পুনর্বাসন এলাকা থেকে ১৯ বছর বয়সী এক গৃহবধূ, জেরিন আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার মধ্যরাতে সরকারি পুনর্বাসন প্রকল্পের একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জেরিন আক্তার বাড়বকুণ্ড ইউনিয়নের হাশেম নগর এলাকার মো. আবুল কালামের মেয়ে এবং ওই এলাকার ফারুকের স্ত্রী। প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছিল এবং তাদের তিন মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
নিহতের স্বজনরা অভিযোগ করেছেন যে, জেরিনকে শ্বাসরোধে হত্যার পর ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর জানান, খবর পেয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাবে।