শিবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির নামে প্রতারণা: ২০ হাজার মানুষের কাছ থেকে ১০ কোটি টাকা আদায়ের অভিযোগ

শিবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আদলে প্রতারণার মাধ্যমে প্রায় ২০ হাজার মানুষের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা আদায়ের অভিযোগ উঠেছে। ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মেসার্স মাসকুরা ট্রেডার্সের মালিক জেসমিন বেগম ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান ব্যবহার করে একটি দুস্থ কার্ড চালু করেন। প্রতিটি কার্ডের জন্য তিনি গ্রাহকদের কাছ থেকে ৫ হাজার টাকা করে নেন এবং পরবর্তীতে ৩০ কেজি নিম্নমানের চাল দেওয়ার কথা বলে আরও ৫০০ টাকা আদায় করেন। চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, বিষয়টি জানার পর গত ৫ এপ্রিল ওই প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করা হয় এবং ৬ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ৭ এপ্রিল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তদন্ত করে সত্যতা পাওয়ায় তাদের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চেয়ারম্যান জেসমিন বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
#চাঁপাইনবাবগঞ্জ #শিবগঞ্জ #প্রতারণা #দুস্থকার্ড #খাদ্যবান্ধবকর্মসূচি