National
৯ জুন, ২০২৬
সিলেটে হাম-উপসর্গ মৃত্যু অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু

সিলেট অঞ্চলে হাম এবং হাম-সদৃশ অসুস্থতায় মৃত্যুর হার কমছে না। গত ২৪ ঘণ্টায় হাম-সদৃশ উপসর্গ নিয়ে সিলেটে আরও একটি শিশুর প্রাণহানি ঘটেছে। সোমবার সকালে সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের বাসিন্দা সোহাগ মিয়ার দেড় বছর বয়সী কন্যা খাদিজা মৃত্যুবরণ করেছে।
একই সময়ে, গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে ৩ জন শিশুর দেহে হামের উপস্থিতি সনাক্ত করা হয়েছে। এছাড়াও, সন্দেহভাজন রোগী হিসেবে নতুন করে ৫৫ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে সিলেট বিভাগে এ পর্যন্ত হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে।