সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রদান: স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা

ঢাকা: সৌদি আরবে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম দেশ। জনশক্তি রপ্তানি ছাড়াও জ্বালানি ও পর্যটন খাতে সৌদি আরবের বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি উভয় দেশের সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের অনুরোধ জানান।
সৌদি রাষ্ট্রদূত সৌদি আরবে থাকা ৬৯ হাজার রোহিঙ্গার বাংলাদেশী পাসপোর্ট ইস্যু প্রক্রিয়া দ্রুততর করার ওপর জোর দেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রয়োজনীয় প্রমাণ সাপেক্ষে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে বাংলাদেশ থেকে বিশেষ দল পাঠানো হয়েছে। তিনি পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, যেসব মিয়ানমার নাগরিকের বাংলাদেশি ডকুমেন্টস রয়েছে বা যারা শর্ত পূরণ করেছে, তাদের দ্রুত পাসপোর্ট প্রদান করতে হবে। সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা নিয়ে পুনরায় যাচাই-বাছাই করার জন্যও সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন মন্ত্রী। #রোহিঙ্গা #বাংলাদেশ #সৌদিআরব #পাসপোর্ট #স্বরাষ্ট্র মন্ত্রণালয়