শরীয়তপুরে মাটি কাটার মহোৎসব: ফসলি জমি ও নদী ঝুঁকিতে, প্রশাসন নীরব!

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় ফসলি জমি এবং টেকপাড় চরজালালপুর শাখা নদী থেকে অবৈধভাবে ভেকু (এক্সিভিকেটর) দিয়ে মাটি কাটার মহোৎসব চলছে। নাগেরপাড়া, সামনযতসার, কোদালপুর, কুচাইপট্টি ও আলাওলপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই অবৈধ কার্যক্রম নির্বিঘ্নে চলছে।
বর্ষা মৌসুম ছাড়া সারা বছরই প্রকাশ্যে মাটি কেটে বিভিন্ন ঘরবাড়ি নির্মাণ ও জনবহুল সড়কসহ গ্রামীণ কাঁচা-পাকা রাস্তা ভরাটের কাজে সরবরাহ করা হচ্ছে। এই অপরিকল্পিত ও অবৈধ মাটি কাটার ফলে মারাত্মক পরিবেশগত প্রভাব পড়ছে:
- নদী ভাঙন বৃদ্ধি পাচ্ছে।
- পরিবেশ দূষণ হচ্ছে।
- ফসলি জমির উর্বরতা নষ্ট হচ্ছে।
এলাকাবাসী এই অবৈধ মাটি কাটা বন্ধে মানববন্ধনসহ উপজেলা প্রশাসনকে বারবার অবহিত করলেও, রহস্যজনকভাবে প্রশাসন নীরবতা পালন করছে।
উপজেলা নির্বাহী অফিসার নুশরাত আরা খানম জানান, অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার বিষয়ে তারা অবগত। তবে, অভিযান পরিচালনা করতে গেলে কাউকে ঘটনাস্থলে পাওয়া যায় না, যার কারণে মোবাইল কোর্ট পরিচালনা সম্ভব হচ্ছে না।