সুনামগঞ্জের দেখার হাওরে বাঁধ ভেঙে আধাপাকা বোরো ধান ঝুঁকিতে, কৃষকদের কান্না

সুনামগঞ্জের দেখার হাওরে আকস্মিক বাঁধ ভেঙে যাওয়ায় শত শত একর জমির আধাপাকা বোরো ধান পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে গুজাউনি বাঁধের একটি অংশ ভেঙে দেখার হাওরে দ্রুতগতিতে পানি প্রবেশ করতে দেখা যায়। স্থানীয়দের দাবি, বিলের ইজারাদার মাছ ধরার পর বাঁধটি সঠিকভাবে মেরামত না করায় পানির অতিরিক্ত চাপে এটি ভেঙে যায়।
বাঁধের পাশে দাঁড়িয়ে কৃষকেরা অসহায়ভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করে সাহায্যের আহ্বান জানিয়েছেন।
স্থানীয় প্রশাসন ও কৃষকেরা বাঁশ, বস্তা ও অন্যান্য উপকরণ দিয়ে তাৎক্ষণিকভাবে বাঁধ রক্ষার চেষ্টা করছেন।
কৃষক স্বপন মিয়া বলেন, 'এই হাওরে আমাদের কয়েক হাজার একর জমি রয়েছে। বাঁধটি দ্রুত মেরামত না করা হলে পুরো ফসল পানির নিচে চলে যাবে।' তিনি আরো জানান, উথারিয়া বাঁধ কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে ক্ষতি এড়ানো সম্ভব হতো।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম জানিয়েছেন, জরুরি ভিত্তিতে বাঁধ রক্ষার কাজ চলছে এবং পানি ঢোকা বন্ধ হয়েছে। আশা করা হচ্ছে, ফসলের তেমন ক্ষতি হবে না।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, যদিও দেখার হাওরের এই বাঁধ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন নয়, তবু ফসল রক্ষায় একটি টিম সেখানে কাজ করছে।
#দেখারহাওর #বোরোধান #বাঁধভাঙ্গা #সুনামগঞ্জ #কৃষক