সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, হত্যা সন্দেহে তদন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর আব্দুল্লাহ আল মামুন (৭) নামে এক শিশুর লাশ ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ৪নং মান্নারগাঁও ইউনিয়নের গোপালপুর (শ্রীনাথপুর) গ্রামের একটি ধানক্ষেত থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। নিহত মামুন ওই গ্রামের হাফেজ মাওলানা মোস্তাক আহমদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে মামুন বাড়ির সামনে সহপাঠীদের সঙ্গে খেলতে বেরিয়েছিল। দীর্ঘক্ষণ ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেল ৪টার দিকে নুরুল আমিনের ধানক্ষেতে একটি শিশুর লাশ পড়ে থাকার খবর পেয়ে স্বজনরা গিয়ে মামুনের লাশ শনাক্ত করেন।
খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) শেখ মো. মুরসালিন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শামছ উদ্দিন খানসহ পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এটি একটি হত্যাকাণ্ড। সুরতহাল প্রতিবেদনের সময় শিশুটির মাথার পেছনে, ঘাড়ে ও পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দোয়ারাবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন, মামলার প্রস্তুতি চলছে এবং পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত জোরদার করেছে।
#দোয়ারাবাজার #শিশুহত্যা #সুনামগঞ্জ #আব্দুল্লাহআলমামুন #লাশউদ্ধার