National
১০ মার্চ, ২০২৬

সুন্দরবন থেকে লোকালয়ে অজগর: শরণখোলায় ছাগল গিলে ফেলায় চাঞ্চল্য

সুন্দরবন থেকে লোকালয়ে অজগর: শরণখোলায় ছাগল গিলে ফেলায় চাঞ্চল্য

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন লোকালয়ে ঢুকে একটি বিশাল অজগর সাপ দিনমজুর সোহরাব ফরাজীর একটি ছাগল গিলে ফেলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার রসুলপুর গ্রামের বনসংলগ্ন ভোলা নদীর চরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোহরাব ফরাজীর ছাগলটি ভোলা নদীর চরে ঘাস খেতে যায়। দীর্ঘক্ষণ ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করলে তিনি পাশের একটি ঝোপের মধ্যে অস্বাভাবিক ফোলা পেট নিয়ে অজগর সাপটিকে দেখতে পান। এতে তিনি নিশ্চিত হন যে সাপটি তার ছাগলটি গিলে ফেলেছে।

খবর পেয়ে কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় অজগর সাপটিকে উদ্ধার করেন। আস্ত ছাগল গিলে ফেলা সাপটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত উৎসুক জনতা ভিড় করে।

ক্ষতিগ্রস্ত সোহরাব ফরাজী আর্থিক ক্ষতির কথা উল্লেখ করে বলেন, সুন্দরবন থেকে আসা অজগরটি তার সখের ছাগলটি গিলে ফেলেছে। সিপিজি সদস্য সগির সওদাগর জানান, উদ্ধারকৃত সাপটি কিছুটা অসুস্থ। বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা শেষে সাপটিকে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হবে।

#সুন্দরবনেরঅজগর #শরণখোলা #ছাগলগিলেফেলা #অজগরউদ্ধার #বন্যপ্রাণী