National
৫ মার্চ, ২০২৬

সুন্নতে খতনায় শিশু আয়ানের মৃত্যু: দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত

সুন্নতে খতনায় শিশু আয়ানের মৃত্যু: দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত

সুন্নতে খতনা করাতে গিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

 

নিবন্ধন হারানো দুই চিকিৎসক হলেন- ডা. সৈয়দ সাব্বির আহমেদ ও ডা. তাসনুভা মাহজাবীন।

 

বিএমডিসির ৫৪তম কাউন্সিল সভায় তাদের নিবন্ধন ৬ মাসের জন্য স্থগিতের সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন বিএমডিসির রেজিস্ট্রার ডা. লিয়াকত হোসেন।

 

এই সময়ের মধ্যে দুই চিকিৎসক কোথাও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজেকে চিকিৎসক পরিচয় দিতে পারবেন না।

 

  • ডা. সৈয়দ সাব্বির আহমেদের বিরুদ্ধে শিশু আয়ান আহমেদের সুন্নতে খতনায় চিকিৎসাকাজে আনীত অভিযোগের দায় প্রমাণিত হওয়ায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ (৬১ নং আইন) এর ধারা ২৩ (১) এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রবিধানমালা ২০২২ এর বিধান ৩৬ (৪) (খ) অনুযায়ী বিএমডিসির রেজিস্টার হতে তার নিবন্ধন বাতিলপূর্বক ৬ মাসের জন্য সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
  • অন্যদিকে, শিশু আয়ানের সুন্নতে খতনা করাতে গিয়ে চিকিৎসায় অবহেলা পরিলক্ষিত না হলেও পেশাসুলভ আচরণের অভাব থাকায় ডা. তাসনুভা মাহজাবীনেরও ছয় মাসের জন্য নিবন্ধন স্থগিত করা হয়েছে।