টংগিবাড়ীতে অনুমোদনহীন ওষুধ ও কসমেটিক্স বিক্রি, দুই ফার্মেসিতে লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় অনুমোদনহীন কসমেটিক্স, ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুটি ফার্মেসিকে মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ফার্মেসিগুলোতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযান চলাকালে ইব্রাহীম ফার্মেসি এবং বিসমিল্লাহ ফার্মেসিতে অনুমোদনবিহীন বিভিন্ন কসমেটিক্স সামগ্রী, চিকিৎসকদের সরবরাহকৃত নমুনা (ফিজিশিয়ান স্যাম্পল) এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এই অনিয়মের জন্য উভয় প্রতিষ্ঠানকে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। তিনি জানান, জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।
#টংগিবাড়ী #ফার্মেসি #ওষুধ #কসমেটিক্স #ভ্রাম্যমাণআদালত #জরিমানা