National
১৭ এপ্রি, ২০২৬

টংগিবাড়ীতে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

টংগিবাড়ীতে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার আড়িয়াল ইউনিয়ন ও দিঘিরপাড় ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

আড়িয়াল ইউনিয়নের ফজুসার গ্রামে বন্ধুদের সঙ্গে বৃষ্টির মধ্যে মাঠে ফুটবল খেলছিল রিজান ঢালী (১৬)। খেলার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরে সবাই উঠে দাঁড়ালেও রিজান আর ওঠেনি। কাছে গিয়ে দেখা যায়, সে গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। দ্রুত তাকে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই সময়ে দিঘিরপাড় ইউনিয়নের হায়ারপাড় এলাকায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হন রাকিব (২২)। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরে আলম সিদ্দিকী জানান, দুজনকেই গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল এবং পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

#বজ্রপাত #টংগিবাড়ী #মৃত্যু