তুরাগে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ ১০ জন দগ্ধ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি

রাজধানীর তুরাগ থানার বামনারটেক এলাকার কামারপাড়ায় একটি বাসায় গ্যাস বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) ভোর আনুমানিক ৪টার দিকে একটি তৃতীয় তলা বাড়ির দ্বিতীয় তলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
দগ্ধদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তুরাগ থানার উপপরিদর্শক এসআই নুরে আলম আলম সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটেছে।
দগ্ধদের মধ্যে রয়েছেন: রুবেল (৩০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই এনায়েত (৩২), তার স্ত্রী দেলেরা (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতের ভাগনি আয়েশা (১৯) এবং অপর ব্যক্তি রুবেল (৩৫)। এরা সবাই পারিবারিকভাবে বেড়াতে আসা আত্মীয় ছিলেন।
জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, হাসপাতালে আনা ১০ জনেরই চিকিৎসা চলছে। তাদের দগ্ধ হওয়ার মাত্রা বিভিন্ন রকম। সোনিয়া আক্তার সবচেয়ে বেশি (শতভাগ) দগ্ধ হয়েছেন।
অন্যান্য দগ্ধদের মধ্যে রয়েছেন: রুবেল ও রিয়া আক্তার (৩২ শতাংশ করে), এনায়েত (৪৫ শতাংশ), জুনায়েদ (২৪ শতাংশ), হাবিব (১৯ শতাংশ), রোজা (১৮ শতাংশ), দোলানা খাতুন (১৪ শতাংশ), আয়েশা আক্তার (১২ শতাংশ) ও অপর রুবেল (৭ শতাংশ)।