National
৪ মার্চ, ২০২৬

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্য প্রান্ত মণ্ডল নিহত

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্য প্রান্ত মণ্ডল নিহত

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন ফায়ার ফাইটার প্রান্ত মণ্ডল (২৪) নিহত হয়েছেন। সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টায় উপজেলার ইচলাদী শেখের বাড়ি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত প্রান্ত মণ্ডল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রূপধর গ্রামের বাসিন্দা ছিলেন এবং নোয়াখালী জেলা ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।

গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ জানান, প্রান্ত মণ্ডল নিজের মোটরসাইকেলে পাথরঘাটার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে উজিরপুরের ইচলাদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আকিজ গ্রুপের একটি অজ্ঞাতনামা পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ঘাতক পিকআপটি দ্রুত ঢাকা অভিমুখে পালিয়ে যায়। খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘাতক যানবাহন শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।