উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: ১০ হাজার পিস ইয়াবাসহ এক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় এক বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এই ঘটনায় মো. ইলিয়াস নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) ভোররাতে উখিয়ার বালুখালীস্থ এফডিএমএন ক্যাম্প-৮/ইস্টের ব্লক-বি/১৮ এলাকায় পানবাজার পুলিশ ক্যাম্প এই অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, মো. ইলিয়াসের বাড়িতে ইয়াবার বেচাকেনা হচ্ছে।
সকাল ৩টা ১০ মিনিটে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি কালো পলিথিনের ভেতর থেকে নীল পলিপ্যাকে রাখা ১০ হাজার পিস অ্যামফিটামিন-জাতীয় ইয়াবাসদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মো. ইলিয়াস একই ক্যাম্পের ব্লক-বি/১৮ এর বাসিন্দা নুর আমিনের ছেলে।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদকসহ সকল প্রকার অপরাধ দমনে এপিবিএন-এর অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে।’
গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামতের বিষয়ে উখিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
#উখিয়া #ইয়াবা #রোহিঙ্গা_ক্যাম্প #এপিবিএন #মাদক_কারবারি