উত্তরায় গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ ১০ জন দগ্ধ, অনেকে আইসিইউতে

রাজধানীর উত্তরার কামারপাড়ায় একটি আবাসিক ভবনে গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ মার্চ) ভোরে ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোডে মেম্বার বাড়ির পাশে আবুল কালামের ভবনের দ্বিতীয় তলায় এই দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন।
দগ্ধদের মধ্যে রয়েছেন রুবেল (৩০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), তাদের তিন বছর বয়সী মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া আক্তার (২৭), রুবেলের চাচাতো ভাই এনায়েত আলী (৩২), তার স্ত্রী দেলেরা খাতুন (২৮), তাদের ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতের ভাগ্নি আয়েশা আক্তার (১৯) এবং আরেকজন রুবেল (৩৫)।
দগ্ধদের স্বজন সাজেদ মাতব্বর জানান, রুবেল ও সোনিয়া দম্পতি ওই বাসায় থাকতেন। এনায়েত আলী দুবাই প্রবাসী এবং সম্প্রতি পরিবার নিয়ে গ্রাম থেকে রুবেলের বাসায় বেড়াতে এসেছিলেন। বিস্ফোরণের তীব্রতায় ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়াল ভেঙে যায়। স্থানীয়রা দ্রুত দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, যাদের শরীরের দগ্ধের পরিমাণ বেশি, তাদের আইসিইউতে পাঠানো হয়েছে। অন্যদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তাদেরও আইসিইউতে নেওয়া হবে।