প্রযুক্তি
৩ জুন, ২০২৬

ভারী খাবার গ্রহণের পর হজমশক্তি বাড়ানোর সহজ উপায়

ভারী খাবার গ্রহণের পর হজমশক্তি বাড়ানোর সহজ উপায়

ভারী খাবার গ্রহণের পর আমাদের পাকস্থলীতে হজম প্রক্রিয়া স্বাভাবিকভাবেই কিছুটা ধীর হয়ে যায়। এর ফলে পেট ফাঁপা, বদহজম, পেটে ব্যথা এবং বমির মতো অস্বস্তিকর উপসর্গ দেখা দিতে পারে, যা সার্বিক সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। হজম একটি শ্রমসাধ্য প্রক্রিয়া, কারণ খাবার গ্রহণের পর শরীরকে পাকস্থলী ও অন্ত্রে প্রচুর রক্ত ​​প্রবাহিত করতে হয় এবং অ্যাসিড, এনজাইম ও পুষ্টি উপাদান ভেঙে ফেলার জন্য প্রয়োজনীয় গতিশীলতা উৎপন্ন করতে হয়। যদি কোনো কারণে এনজাইম উৎপাদন কমে যায় (যেমন বার্ধক্য, পুষ্টির অভাব বা অতিরিক্ত খাবার গ্রহণের কারণে), তবে খাবার পাকস্থলীতে প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে থেকে যায়। আর ঠিক তখনই পেটে ভারীবোধ অনুভূত হয়। অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার, স্যাচুরেটেড ফ্যাট, ভাজাপোড়া এবং অতিমাত্রায় প্রক্রিয়াজাত খাবার গ্রহণ করলে পেটে গ্যাস ও অ্যাসিডিটি সৃষ্টি হয়। প্রতিটি খাবারের মধ্যে অন্তত দুই থেকে তিন ঘণ্টার বিরতি থাকা আবশ্যক। ভারী খাবার শুধু শারীরিক সমস্যাই সৃষ্টি করে না, এটি মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে। চলুন জেনে নেওয়া যাক, ভারী খাবার গ্রহণের পর হজমশক্তি বাড়াতে কী ধরনের খাবার গ্রহণ করা যেতে পারে:

হালকা গরম পানি
খাবার খাওয়ার ৩০ থেকে ৪০ মিনিট পর হালকা গরম পানি পান করা যেতে পারে। এর সাথে সামান্য লেবুর রস এবং অল্প লবণ মিশিয়ে পান করলে শরীরের বিপাক হার বৃদ্ধি পায় এবং শরীর থেকে টক্সিন বের হয়ে যেতে সাহায্য করে। তবে, খাবার খাওয়ার মাঝে পানি পান করা থেকে বিরত থাকুন। এছাড়াও, খাবার খাওয়ার পরপরই চা ও কফি পান করা উচিত নয়। এই পানীয়গুলিতে ফেনোলিক যৌগ এবং ক্যাফেইন থাকে, যা খাবার থেকে পুষ্টি শোষণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।

দই
যেকোনো ভারী খাবার খাওয়ার ১৫ থেকে ২০ মিনিট পর প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। এক্ষেত্রে টক দই খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। এটি হজমশক্তি দ্রুত বাড়াতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সহায়ক। দইয়ের সাথে ভাজা জিরা মিশিয়ে নিলে এর কার্যকারিতা আরও বৃদ্ধি পায়।

বোরহানি
খাবারের শেষে বোরহানি, লাচ্ছি বা মাঠা পান করা যেতে পারে। এই পানীয়গুলি হজম প্রক্রিয়াকে বিশেষভাবে সহায়তা করে।

আদা এবং জিরা পানি
আদায় জিঞ্জেরল নামক উপাদান রয়েছে, যা শরীরকে দ্রুত খাবার ভাঙতে সাহায্য করে এবং বমি বমি ভাব কমাতে সহায়ক। এছাড়াও, অতিরিক্ত খাবার খাওয়ার ফলে সৃষ্ট পেটের অস্বস্তি দূর করতে এটি সাহায্য করে। জিরাতে থাকা কারমিনেটিভ উপাদান পেটের গ্যাস কমাতে সহায়ক ভূমিকা পালন করে। জিরা পানি তৈরির জন্য প্যাকেটজাত জিরা ব্যবহার না করে সাধারণ জিরা ব্যবহার করুন।

মৌরি বীজ
মৌরি পরিপাকতন্ত্রের পেশি শিথিল করতে সাহায্য করে, যা বদহজম, পেট ফাঁপা এবং গ্যাসের অস্বস্তি কমাতে কার্যকর। ভারী খাবার খাওয়ার পর এক চা চামচ মৌরি বীজ চিবিয়ে খেতে পারেন।

আপেল সাইডার ভিনেগার
আপেল সাইডার ভিনেগার হজমের জন্য অত্যন্ত উপকারী। পানির সাথে মিশিয়ে পান করলে এটি পাকস্থলীতে আরও অ্যাসিড তৈরি করতে সাহায্য করে, যা খাবার ভাঙার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারী খাবারের আগে বা পরে এক গ্লাস পানিতে এক চা চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে পান করলে পেট ভালো রাখতে সাহায্য করবে।

ফল
আমরা অনেকেই জানি যে ফল খেলে হজমশক্তি বৃদ্ধি পায়। এক্ষেত্রে এনজাইম সমৃদ্ধ ফল নির্বাচন করা বুদ্ধিমানের কাজ। যেমন: পেঁপে।

#হজম #স্বাস্থ্য #খাবার #টিপস #প্রাকৃতিকউপায়