National
১০ এপ্রি, ২০২৬

ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেটে বাংলাদেশি নিহত, চোরাচালান চক্রের সম্পৃক্ততার অভিযোগ

ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেটে বাংলাদেশি নিহত, চোরাচালান চক্রের সম্পৃক্ততার অভিযোগ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ (কাউয়ার টুক) সীমান্তে ভারতীয় নাগরিক খাসিয়াদের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত সালেহ কালাইরাগ (কারবালার টুক) গ্রামের তৈয়ব আলীর ছেলে।

 

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকাল ৩টায় কালাইরাগ কাউয়ার টুক এলাকার ভারতীয় অংশে। বিজিবি সূত্রে জানা গেছে, তিনজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতের প্রায় এক কিলোমিটার ভিতরে প্রবেশ করে খাসিয়াদের সুপারি বাগানে। সুপারি চোর সন্দেহে ভারতীয় খাসিয়ারা ছড়রা বন্দুক দিয়ে গুলি ছুড়লে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার সঙ্গে থাকা সুমন মিয়া ও মাসুম আহম্মদ তার মৃতদেহ বাংলাদেশে ফিরিয়ে আনেন।

 

বিজিবি আরও জানিয়েছে, নিহত সালেহ এবং তার সঙ্গীরা পূর্বে চোরাচালান মালামাল পরিবহনের সঙ্গে জড়িত ছিল।

 

উল্লেখ্য, গত ১ এপ্রিল উৎমা সীমান্ত এলাকায় সাদ্দাম হোসেন নামে আরেক বাংলাদেশি নিখোঁজ হন। তার বন্ধুদের অভিযোগ, সাদ্দামকে গুলি করে হত্যা করা হয়েছে এবং এখনও তার সন্ধান মেলেনি।

 

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানিয়েছেন, নিহত বাংলাদেশির লাশ বাংলাদেশে আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

 

#সিলেট #কোম্পানীগঞ্জ #সীমান্তহত্যা #খাসিয়া