ভৈরবে পূর্বশত্রুতার জেরে কিশোর খুন, এলাকায় উত্তেজনা

কিশোরগঞ্জের ভৈরবে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ইমান খান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এই ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে।
নিহত ইমান খান লুন্দিয়া গ্রামের পাগলাবাড়ির ইসা মিয়ার ছেলে এবং পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিলেন। সোমবার রাতে তিনি মিনিট কার্ড কিনতে বাড়ি থেকে বের হলে শেখ বাড়ির একদল যুবক তার পথ রোধ করে এবং দেশি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার আগেই রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
নিহত ইমানের বাবা ইসা খান এবং এলাকাবাসী দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন।
হাসপাতালের চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই জানান, অতিরিক্ত রক্তক্ষরণই মৃত্যুর প্রধান কারণ ছিল।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয়দের মতে, লুন্দিয়া গ্রামে 'পাগলাবাড়ি' ও 'শেখবাড়ি'র মধ্যে গত সাত-আট বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এই পুরোনো শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও দুই পক্ষের মধ্যে একাধিকবার বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
#ভৈরব #কিশোরগঞ্জ #খুন #পূর্বশত্রুতা