ভুল করে জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন, শাহরাস্তিতে তোলপাড়

চাঁদপুরের শাহরাস্তিতে এক জ্বরের রোগীকে ভুলবশত কুকুরের ভ্যাকসিন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৮ এপ্রিল ২০২৬) দুপুরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এই ঘটনা ঘটে।
জানা যায়, কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেন তার ৫ বছরের সন্তান আলিফাকে জ্বরের চিকিৎসা করাতে জরুরি বিভাগে নিয়ে আসেন। একই সময়ে আহম্মদ নগর গ্রামের রুবেল তার ১৪ বছরের সন্তান নাজমুলকে কুকুরের কামড়ের চিকিৎসা করাতে নিয়ে আসেন। কর্তব্যরত ডাক্তার সাইফুল ইসলাম উভয়কে পৃথক চিকিৎসাপত্র দেন।
জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) আবু ইউসুফ চিকিৎসকের ব্যবস্থাপত্র না দেখেই জ্বরের রোগী আলিফাকে কুকুরের ভ্যাকসিন পুশ করেন। এই ঘটনায় রোগীর অভিভাবকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি অবগত হন।
উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ স্বীকার করেছেন যে, একই সময়ে দুই রোগী আসায় ভুলবশত জ্বরে আক্রান্ত রোগীকে কুকুরের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে তিনি দাবি করেন এতে রোগীর কোনো সমস্যা নেই এবং তিনি অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান জানিয়েছেন, ভুলক্রমে ভ্যাকসিন দেওয়া হলেও রোগীর সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তবে দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে বিধি-মোতাবেক শোকজ করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ বিষয়ে অভিযোগ করেছে।