ভূমধ্যসাগরে ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা দায়ের

উত্তর আফ্রিকার লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার সময় ভূমধ্যসাগরে ১২ জন যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মানব পাচার প্রতিরোধ আইনে ৯ জন দালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার রাতে জেলার জগন্নাথপুর ও দিরাই থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে জগন্নাথপুর থানায় পাঁচজন এবং দিরাই থানায় চারজনকে আসামি করা হয়েছে।
দিরাই থানার মামলার বাদী হয়েছেন নিহত সোহানুর রহমানের বাবা ছালিকুর রহমান। অন্যদিকে, জগন্নাথপুর থানার মামলার বাদী হয়েছেন হাবিবুর রহমান।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানিয়েছেন, তদন্তের স্বার্থে আসামিদের নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া জানিয়েছেন, জগন্নাথপুর ও দিরাই উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে দালালদের তালিকা প্রস্তুত করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মানব পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহতদের পরিবারের পাশে জেলা প্রশাসন সবসময় রয়েছে।
#মানবপাচার #ভূমধ্যসাগর #সুনামগঞ্জ #মামলা #দালাল