International
১৩ এপ্রি, ২০২৬

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ইরানের বন্দর অবরুদ্ধ, হরমুজ প্রণালীতে উত্তেজনা

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ইরানের বন্দর অবরুদ্ধ, হরমুজ প্রণালীতে উত্তেজনা

যুক্তরাষ্ট্র ইরানের উপসাগরীয় অঞ্চলের সব বন্দর অবরুদ্ধ করেছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সোমবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় বিকাল ৫টা ৩০ মিনিটে এই অবরোধের আনুষ্ঠানিক ঘোষণা দেয়।


এই অবরোধ বিশ্বের যে কোনো দেশের পতাকাবাহী জাহাজের ওপর কার্যকর হবে। ইরানের বন্দরের দিকে যাওয়া বা সেখান থেকে আসা সব জাহাজকে পথিমধ্যে আটক, গতিপথ পরিবর্তনে বাধ্য বা জব্দ করা হতে পারে। তবে, উপসাগরীয় অন্যান্য দেশের বন্দরগুলোতে যাতায়াতের ক্ষেত্রে এই অবরোধ প্রযোজ্য হবে না।


সেন্ট্রাল কমান্ডের এক পোস্টে জানানো হয়েছে, ওমান উপসাগর ও হরমুজ প্রণালীর পূর্বে আরব সাগরে অবস্থানরত সব জাহাজের ওপর এই অবরোধ আরোপ করা হয়েছে। অনুমতি ছাড়া প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।


ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে 'অবৈধ' ও 'সামুদ্রিক দস্যুতা' আখ্যা দিয়ে সতর্ক করেছে যে, পারস্য উপসাগর ও ওমান সাগরের সব বন্দরের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো বন্দরই নিরাপদ থাকবে না।


উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করে এবং শত্রুপক্ষের জাহাজ চলাচলে বাধা দেওয়ার ঘোষণা দেয়। বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহ এই নৌপথ দিয়ে হওয়ায়, এই অবরোধ বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


#ইরান #যুক্তরাষ্ট্র #উপসাগর #হরমুজপ্রণালী #জাহাজঅবরোধ