রাজনীতি
২০ এপ্রি, ২০২৬

জামায়াত নেতা সেলিম উদ্দিনের সরকারের প্রতি জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান

জামায়াত নেতা সেলিম উদ্দিনের সরকারের প্রতি জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সরকারের প্রতি জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা এবং দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সকল স্তরের জনশক্তিকে ময়দানে দুর্বার ও আপসহীন ভূমিকা পালন করতে হবে।

সেলিম উদ্দিন সরকারকে গণবিরোধী অবস্থান থেকে সরে এসে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের সভা আহবান করে জুলাই সনদ বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান। তিনি বলেন, ইসলামী আন্দোলন কোন গতানুগতিক রাজনীতি নয় বরং আর্ত-মানবতার কল্যাণ ও মুক্তির এক আপসহীন আন্দোলন। ক্ষমতা কোন ভোগের বিষয় নয় বরং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার এক দৃঢ় প্রত্যয়ের নাম।

তিনি উল্লেখ করেন, জুলাই বিপ্লব আমাদেরকে নতুন করে আশার আলো দেখালেও বর্তমান ক্ষমতাসীনরা অতীতের পুরনো অশুভ বৃত্ত থেকে বেড়িয়ে আসতে পারেনি। ফলে আমাদের অর্জিত বিপ্লব হাতছাড়া হতে বসেছে। শত-সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত বিপ্লবকে ক্ষমতার দম্ভে ক্ষমতাসীনরা পদদলিত করতে কসুর করছে না। এমতাবস্থায় দেশের কোন আত্মসচেতন মানুষ নির্লিপ্ত থাকতে পারে না। তিনি জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলমত নির্বিশেষে সকলকে নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

সেলিম উদ্দিন বলেন, জুলাই সনদ বিষয়ে জনগণ কোন টালবাহানাই মেনে নেবে না বরং সরকারকে সাংবিধানিক সংস্কার ও জুলাই সদন বাস্তবায়নে বাধ্য করবে।

সোমবার রাজধানীর উত্তরায় স্থানীয় একটি মিলনায়তেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা পশ্চিম থানা আয়োজিত ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মস্তোফা এবং মহানগরী ওলামা বিভাগের সভাপতি ড. মীম আতিকুল্লাহ। #জামায়াতেইসলামী #জুলাইসনদ #মোহাম্মদসেলিমউদ্দিন