পলাশের ভোলাবো গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪ ঘর ভস্মীভূত, ৬ লাখ টাকার ক্ষতি

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নরসিংদীর পলাশ উপজেলার ভোলাবো গ্রামে আব্দুস সাত্তার মিয়ার বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক পৌনে ৭টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা তীব্র গতিতে ছড়িয়ে পড়ে। এতে আব্দুস সাত্তার মিয়ার বাড়িসহ আশেপাশের আরও কয়েকটি পরিবারের মোট চারটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে কাঞ্চন নদী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৮টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে দুইটি কাঁচা ঘর ও দুইটি সেমি পাকা ঘর ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মাহফুজার রহমান জানান, ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, শস্য এবং বিভিন্ন গৃহস্থালী সরঞ্জামসহ প্রায় ছয় লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আরও প্রায় ১০ লক্ষ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, যা স্বস্তির বিষয়।