রংপুরে পল্লী বিদ্যুতের লাইনম্যানকে মারধর: তিন দিনেও মামলা নেই

রংপুরের পীরগাছায় দায়িত্ব পালনকালে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানকে মারধরের ঘটনায় তিন দিনেও মামলা রেকর্ড করেনি পুলিশ।
গত সোমবার সকালে উপজেলার কান্দি বাজার এলাকায় বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের অভিযানে যায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ১০ সদস্যের একটি দল।
স্থানীয়দের অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন করায় উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় স্থানীয় পান দোকানী লাভলুর উস্কানিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং লাইনম্যান রাকিবুল ইসলামের ওপর হামলা চালানো হয়।
আহত রাকিবুল ইসলাম জানান, একটি দোকানের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দোকানদার লাভলু প্রথমে গালিগালাজ শুরু করেন এবং পরে লোক জড়ো করে হামলা চালান।
এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে সোমবার রাতেই থানায় এজাহার জমা দেওয়া হলেও এখনো তা মামলা হিসেবে গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পীরগাছা জোনাল অফিসের ডিজিএম আশরাফুল ইসলাম।
স্থানীয়দের দাবি, প্রধান অভিযুক্ত লাভলুর বিরুদ্ধে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, সরকারি কাজে বাধা ও একজন কর্মীর ওপর হামলার মতো ঘটনায় মামলা গ্রহণে বিলম্ব এবং সমঝোতার চেষ্টা অপরাধীদের আরও উৎসাহিত করতে পারে।
#রংপুর #পল্লীবিদ্যুৎ #মারধর #মামলা #সমঝোতা