National
৮ মার্চ, ২০২৬

টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় আগুন: ৪ শ্রমিক অসুস্থ, কুর্মিটোলায় স্থানান্তর

টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় আগুন: ৪ শ্রমিক অসুস্থ, কুর্মিটোলায় স্থানান্তর

গাজীপুরের টঙ্গী বিসিক এলাকার ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় শনিবার রাত সোয়া ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করার সময় চারজন শ্রমিক ধোঁয়া ও কেমিক্যালের গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকরা হলেন - মেশিন অপারেটর রবিন (২৮), রাহি (৩০), মুস্তাফিজ (৩২) এবং মামুনুর রশিদ (৩৫)।

তাদেরকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. নাফিসা মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১০ মিনিটের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। কারখানার ম্যানেজার মনির হোসেন জানান, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।