National
১৯ মার্চ, ২০২৬

উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সাড়ে ৯টার দিকে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে এই ঘটনা ঘটে।

মুক্তার স্বামী লিমন হোসেন জানান, তার স্ত্রী ঈদের কেনাকাটার জন্য ব্যাটারিচালিত রিকশাযোগে মিরপুর পল্লবীর একটি মার্কেটে যাচ্ছিলেন। রিকশাটি উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে পৌঁছালে একটি প্রাইভেট কার থেকে হাত বাড়িয়ে তার স্ত্রীর হাতে থাকা ব্যাগ ধরে হ্যাঁচকা টান মারে। এতে মুক্তা রিকশা থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় পথচারী ও রিকশার অপর যাত্রী মুক্তাকে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা সেবায় বিলম্ব হওয়ায় তাকে টঙ্গী আহসানউল্লাহ মেডিকেল, এরপর পঙ্গু হাসপাতাল এবং সবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথা ও কপালে আঘাতের চিহ্ন ছিল।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। তুরাগ থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

#ছিনতাই #উত্তরা #গৃহবধূ #মৃত্যু #রিকশা দুর্ঘটনা