চাঁদপুরে মেঘনা নদীর তীরবর্তী খেলার মাঠ বিলীন, নদী রক্ষা বাঁধ হুমকির মুখে

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের ফলে একটি খেলার মাঠ সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে। একই সঙ্গে শতকোটি টাকা ব্যয়ে নির্মিত নদী রক্ষা বাঁধও হুমকির মুখে পড়েছে।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল কাদের, আইয়ুব আলী, আমান উল্যাহ, শফিকুল ইসলাম এবং মোর শালিন।
স্থানীয়রা জানান, গাজীনগর এলাকায় মেঘনার তীরে জেগে ওঠা বালিচরে শিশুরা খেলাধুলা করত। কিন্তু রাতের আঁধারে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে মাঠটি এখন পানির নিচে চলে গেছে।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, বালু উত্তোলনের ফলে নদী রক্ষা বাঁধটি চরম ঝুঁকিতে পড়েছে। বাঁধ ভেঙে গেলে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত স্থান মেরামতের নির্দেশনা দেওয়া হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পাঁচজনকে গ্রেপ্তারের পাশাপাশি একটি বাল্কহেড এবং একটি আনলোডিং জাহাজ জব্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে।
#হাইমচর #বালু উত্তোলন #নদী রক্ষা বাঁধ #মেঘনা নদী